গুঞ্জনের অবসান, আবারও বাবা-মা হলেন শাকিব-বুবলী
বিনোদন ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন। দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেই সুখবরটি নিশ্চিত করেছেন তিনি। নবজাতকের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান।
শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খানকে সঙ্গে নিয়ে এক যৌথ পোস্টে এ খবর জানান বুবলী। পোস্টে নবজাতকের নাম রাখা হয়েছে ‘শারলিন খান’।
পোস্টে প্রকাশিত একটি কার্ড থেকে জানা যায়, গত ১১ মে এই কন্যাসন্তানের জন্ম হয়। সেখানে বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নাম উল্লেখ করা হয়েছে।
পোস্টে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দেন এই তারকা দম্পতিকে।
এর আগে, বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। বিশেষ করে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি আরও আলোচনায় আসে। গত ১ জুন তিনি বুবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর সন্তান জন্মের খবর নিয়ে আলোচনা শুরু হয়। তবে এতদিন বিষয়টি নিয়ে শাকিব খান বা বুবলীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে ছিলেন শবনম বুবলী। তার নতুন কোনো সিনেমা বা কাজের খবরও প্রকাশ পায়নি। এ অনুপস্থিতি নিয়েও অনেকে ধারণা করেছিলেন, তিনি সন্তান জন্মের কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন শবনম বুবলী। তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে। এবার দ্বিতীয় সন্তান জন্মের খবরের মধ্য দিয়ে আবারও আলোচনায় এলো ঢালিউডের এই তারকা দম্পতি।
বিনোদন সব খবর















